ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইতে এবার সক্রিয় হতে পারেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। যুদ্ধের সমাপ্তি এবং সম্ভাব্য প্রস্থান কৌশল নির্ধারণ করা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদ অ্যামি ফ্রেডেরিকসেন।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, ইরান থেকে বেরিয়ে আসার কৌশল খুঁজে বের করা বর্তমান প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্টের সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ইরানে পরিচালিত সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি। অথচ মার্কিন জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে এই যুদ্ধের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব কংগ্রেসের।
ফ্রেডেরিকসেনের মতে, অধিকাংশ আমেরিকানই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেখতে চান না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অন্যতম যুক্তি হিসেবেও পারমাণবিক হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছিল।
তবে তিনি অভিযোগ করেন, প্রশাসন বারবার যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে ঘোষণা দিলেও বাস্তবে সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তার ভাষায়, জনগণকে বারবার এমন তথ্য দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মেলেনি।
ফ্রেডেরিকসেন বলেন, প্রশাসনের কর্মকাণ্ডের তদারকি করা এবং প্রয়োজনীয় প্রশ্ন তোলার দায়িত্ব কংগ্রেসের। এবার ডেমোক্র্যাটরা সেই দায়িত্ব পালনে উদ্যোগী হবেন বলে তিনি মনে করেন।







