চক-ডাস্টারের আঁচড়ে নতুন এক প্রজন্ম গড়ে তোলার কারিগরদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ, ৫ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

২০২৬ সালের এই উদযাপনটি বিশ্বজুড়ে সাধারণ কোনো বর্ষপূর্তি নয়—এটি শিক্ষকতা পেশার জন্য একটি বিশেষ ঐতিহাসিক মাইলফলক। ঠিক ৬০ বছর আগে, ১৯৬৬ সালের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনেস্কোর এক বিশেষ সম্মেলনে শিক্ষকতার মানদণ্ড নির্ধারণে একটি যুগান্তকারী সুপারিশ গৃহীত হয়েছিল। সেখানে নির্ধারণ করা হয় শিক্ষকদের অধিকার, দায়িত্ব, নিয়োগ, প্রশিক্ষণ এবং তাদের কর্মপরিবেশের আন্তর্জাতিক মান।

আরও পড়ুন:  এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও অবদানের স্বীকৃতি দেওয়া এবং সম্মাননার মাধ্যমে শিক্ষকদের মর্যাদা তুলে ধরা দিবসটি উদযাপনের অন্যতম উদ্দেশ্য।

সোমবার দুপুর ২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। এর আগে দুপুর সাড়ে ১টায় আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য হবে। পরে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। সম্মাননা পাওয়া শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

আরও পড়ুন:  বুয়েটে ভর্তির পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 14 =