গ্রামীণ ব্যাংকে হামলার ধরণে মনে হচ্ছে নির্দেশ আসছে ওপরের মহল থেকে: ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলার ধরন দেখে মনে হচ্ছে, এসব হামলার নির্দেশ আসছে ওপরের মহল থেকে—এমন মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় পেট্রল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে তিনি আরও জানান, চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। তাঁর দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন।

বিবৃতিতে মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত।

গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত ব্যাংক। ২০ বছর আগে প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন:  বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: ফখরুল

মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারীই ব্যাংকটির মালিক। তাই ব্যাংকটির ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

ড. ইউনূস বলেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিয়েছে। বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাঁদেরই দরিদ্র প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রতিবেশীরা হলেন সেই নারীরা, যাঁরা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।

মুহাম্মদ ইউনূস বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

আরও পড়ুন:  গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

বিবৃতিতে তিনি বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে এসব হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন বলে দাবি করা হচ্ছে। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

ড. ইউনূস আরও বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে জন্য এ আবেদন করা হয়েছে।

আরও পড়ুন:  ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

মুহাম্মদ ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।

বিবৃতির শেষাংশে মুহাম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে বিশ্বব্যাপী চলমান সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =