জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মঙ্গলবার শুরু হওয়া এবারের সাধারণ অধিবেশনে ইতোমধ্যে বিশ্বনেতারা ভাষণ দেওয়া শুরু করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
মঙ্গলবার সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত রয়েছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নেন।
এবারের সাধারণ অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাতিসংঘ একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অবদান কমানোর পাশাপাশি কয়েকটি সংস্থা থেকে দেশটিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক সংস্থাটির কার্যক্রম ও অর্থায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে এবারের সাধারণ পরিষদের অধিবেশন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। চলতি বছরের শেষে তার মেয়াদ শেষ হবে। ফলে জাতিসংঘের মহাসচিব হিসেবে এটিই হবে তার শেষ সাধারণ পরিষদ অধিবেশন।
বিশ্বজুড়ে চলমান সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা, মানবিক সংকট এবং দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে এবারের অধিবেশনে বিশ্বনেতাদের বক্তব্য ও আলোচনার দিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।







