ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সবশেষ রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ি থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে কাছের এলাকা যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বলেন, ‘দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।’
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।







