রাজধানীর ৪ পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন অটোরিকশা চালক আহত হয়েছে।

 শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ৮টার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।জানা যায়, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন তলা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ওই সড়কে আমাদের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যেই ফ্লাইওভারের তিন তলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:  এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে।

তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এর কিছুক্ষণ পর সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শের-ই বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:  বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

তিনি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সবশেষ রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ি থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে কাছের এলাকা যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বলেন, ‘দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।’

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়াও ওইদিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন:  ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =