জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্য।
সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটগ্রহণের পর গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
তিনি জানান, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন এমপির মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।
সংসদ সচিবালয় ও ইসি সচিবালয়ের সূত্রে ভোট না দেওয়া ৬ সংসদ সদস্যের নাম জানা গেছে।
তারা হলেন—বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা।
আরও ভোট দেননি জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা।
তাদের মধ্যে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারেননি।
খেলাফত মজলিসের আবুল হাসানও বিদেশে থাকার কারণে ভোটদানে অংশ নিতে পারেননি দলীয় সূত্রে জানা গেছে।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা এমপিদের ভোটদানে সহায়তা ও ব্যালট পেপার সরবরাহ করেন। এমপিরা তিনটি স্বচ্ছ বাক্সে সাদা-কালো ছাপানো ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেন।







