শিক্ষকদের জন্য একটি আলাদা ও স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, জাতি গঠনে শিক্ষকদের অসামান্য ভূমিকা রয়েছে। তাই তাদের বেতন বা সুযোগ-সুবিধা অন্য কোনো পেশার সাথে তুলনা করে নির্ধারণ করা সমীচীন নয়। তাদের মর্যাদা রক্ষায় একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার কাঠামোর সাথে মিলবে না।
তিনি আরও জানান, বিষয়টিকে সরকার বেশ অগ্রাধিকার দিচ্ছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব আসায় সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমরা এ খাতের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে চালু হওয়া মিডডে মিল কর্মসূচি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় পুষ্টিকর খাবার সরবরাহ চালু রয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি বিস্তৃত করার আশা প্রকাশ করেন তিনি।







