গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চালকদের সড়ক থেকে সরিয়ে দিলে ৫ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় বিক্ষুব্ধ চালকেরা সড়কে অবস্থান নেন। গ্যাসের সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধস্থলের পাশের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য শত শত সিএনজি অটোরিকশা সারারাত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল।
অবরোধে অংশ নেওয়া শাহিন আলম নামে এক চালক জানান, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না। কখন গ্যাস পাওয়া যাবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এ অবস্থায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।
মো. হারুন নামে আরেক চালক বলেন, গ্যাসের অভাবে দুই দিন ধরে গাড়ি চালাতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর অবস্থায় আছেন। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে।
ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এতে তাঁদের করার কিছু নেই বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, চালকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।







