প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর এটি প্রথম সাক্ষাৎ।’

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ। এ সময় দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।’

সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

আরও পড়ুন:  কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ভারত সরকার ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয়। ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন তিনি। ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিবেদী।

এর আগে গত ৫ জুন পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে ঢাকায় আসেন দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুন:  লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দীনেশ ত্রিবেদীর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন প্রণয় ভার্মা। বর্তমানে তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =