দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে আজ দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

শনিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।

এদিকে এই খবরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, একটি কৌটা (ডিব্বা) বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন:  ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে বেলা ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও খোঁজখবর নিচ্ছে।

এদিকে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার খবরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরে নিশ্চিত হওয়া যায়, দুটি স্থানেই কোনো বিস্ফোরক ছিল না।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:  জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসির আলোচনা: শিক্ষামন্ত্রী

বিবৃতিতে বলা হয়, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি বস্তুর ইমেজ দেখা যায়।

পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অপরদিকে তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা থাকার সন্দেহ দেখা দিলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন:  দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড

নিরাপত্তা নিশ্চিত করার পর হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

বিবৃতিতে ডিএমপি জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো সন্দেহজনক বস্তুর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *