১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর শুক্রবার (৩১ জুলাই) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে আত্মজীবনীমূলক বই ‘দ্বিখণ্ডিত’-কে কেন্দ্র করে বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য সফর।

শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তসলিমা নাসরিন বলেন, এখানে এসে আমার খুব ভালো লাগছে। ৬৩ বছর বয়সী এই লেখিকা দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতি নিয়ে দিল্লিতে বসবাস করছেন।

বাংলাদেশ ছাড়ার পর তিনি একসময় কলকাতাকেই নিজের আবাস হিসেবে বেছে নিয়েছিলেন। তবে ২০০৩ সালে তৎকালীন সিপিএম নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘দ্বিখণ্ডিত’ বইটি নিষিদ্ধ করে। পরে ২০০৭ সালে ব্যাপক বিক্ষোভের মুখে তাকে কলকাতা ছাড়তে হয়।

আরও পড়ুন:  ৩ কারণে দাম বাড়ছে স্বর্ণের, কমছে এক কারণে

শনিবার রবীন্দ্র সদনে মৌলবাদের বিরুদ্ধে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণের পাশাপাশি তসলিমা নাসরিন নিজের কবিতা আবৃত্তি করবেন এবং একটি আলোচনা পর্বে অংশ নেবেন।
এর আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি কলকাতায় ফেরাকে “ব্যক্তিগত প্রত্যাবর্তন” হিসেবে উল্লেখ করেন।

তসলিমা বলেন, আমি কখনোই স্বেচ্ছায় কলকাতা ছাড়িনি। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করেছিল। তবুও আমি আশা ছাড়িনি যে একদিন ফিরে আসব। বছর কেটে গেছে, সরকার বদলেছে, কিন্তু দরজা বন্ধই ছিল।
তসলিমার এই সফরকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান দাবি করেন, তসলিমা নাসরিন বারবার মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং সে কারণেই “ডাবল ইঞ্জিন সরকার” তাকে স্বাগত জানাচ্ছে।

আরও পড়ুন:  ৭ মার্চের ভাষণ : পটভূমি ও তাৎপর্য

অন্যদিকে পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখিকার সফরকে স্বাগত জানিয়ে বলেন, আগের সরকার তাকে কখনো ফিরে আসার সুযোগ দেয়নি।
তার ভাষায়, বিরোধীরা ধর্মনিরপেক্ষতার কথা বললেও তিনি বইয়ে সত্য লিখেছিলেন বলে তাকে নিরাপত্তা দেয়া হয়নি। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের আমলে ১ আগস্ট তসলিমা নাসরিন কলকাতায় আসছেন- এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *