কেপ ভার্দে ম্যাচে যে ১১ রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন লিওনেল মেসির নতুন কোনো ইতিহাস। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে সেটারই আরেকটি প্রমাণ মিলল। দলকে শেষ ষোলোয় তুলে আর্জেন্টাইন অধিনায়ক এক ম্যাচেই গড়েছেন একের পর এক রেকর্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ৩০তম ম্যাচ খেলেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনিই।

ম্যাচের ২৯তম মিনিটে গোল করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। একই সঙ্গে চলতি আসরে করেন নিজের সপ্তম গোল।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার নজিরও গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে তার আগে এই কীর্তি ছিল কেবল হাঙ্গেরির গিওর্গি সারোসি ও ব্রাজিলের ভাভার। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) সাত বা তার বেশি গোল করার রেকর্ডও এখন তার দখলে।

আরও পড়ুন:  কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা দলে মেসি

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুধু গোলই করেননি, অতিরিক্ত সময়ে কর্নার থেকে জয়সূচক আত্মঘাতী গোলের সুযোগও তৈরি করে দেন মেসি। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে তার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়িয়েছে ১২টিতে (৬ গোল, ৬ অ্যাসিস্ট)। এতে পেলে ও কিলিয়ান এমবাপ্পেকে (১১) ছাড়িয়ে এই তালিকার একক শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপের সর্বশেষ ছয়টি নকআউট ম্যাচে মেসির সরাসরি গোলে অবদান এখন ১০টি। এই সময়ে তিনি নিজে করেছেন ৬ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।

আরও একটি বিরল কীর্তিও গড়েছেন মেসি। ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৪। এই বয়সের পর বিশ্বকাপ ইতিহাসে অন্য সব ফুটবলার মিলে যেখানে করেছেন ২৫ গোল, সেখানে মেসি একাই করেছেন ১৪টি।

আরও পড়ুন:  আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯ ফাইনাল

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার বিপক্ষে গোল করার মধ্য দিয়ে আরেকটি অদ্ভুত রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ছিল ৭৯ বছর ৬১ দিন, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

একই সঙ্গে বিশ্বকাপে এখন পর্যন্ত ২২টি ভিন্ন দেশের বিপক্ষে খেলেছেন মেসি। কেপ ভার্দেসহ এর মধ্যে ১৪টি দেশের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েছেন তিনি।

সবশেষে আরেকটি রেকর্ডের খুব কাছেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি বিশ্বকাপে তার গোল এখন ৭টি। আর মাত্র একটি গোল করলেই ১৯৩০ বিশ্বকাপে গুইয়ের্মো স্তাবিলের করা ৮ গোলের এক আসরে কোনো আর্জেন্টাইন ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *