পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। দানবাক্স থেকে টাকা ছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। দিনভর গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

এর আগে, ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। শনিবার সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো। এর আগে, সবশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন:  ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার: সড়কমন্ত্রী

এবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ ছাড়া কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদরাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন:  দেশের স্বার্থে কোনো অপশক্তিকে সহ্য করা হবে না: ওবায়দুল কাদের

পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় বলে জানান জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয় বলে প্রচলিত আছে। এ বিশ্বাস থেকে দূরদূরান্তের মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =