পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন।

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২০৭টি আসন পেয়েছে।গতকাল শুক্রবার দলের বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

আরও পড়ুন:  শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি
নতুন মন্ত্রিসভায় পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে এই পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী মোদি এবং তাকে অভিনন্দন জানান।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এমন আলোচনা আগে থেকেই রাজনৈতিক মহলে চলছিল। বিজেপির জয়ের পর সেই জল্পনা হলো সত্যি। শুক্রবার বিধায়ক দলের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সব প্রস্তাবেই একমাত্র নাম হিসেবে শুভেন্দুর নাম এসেছে। অন্য কোনো প্রার্থী সামনে আসেনি। এই কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *