নেত্রকোনায় জামায়াত এমপি অবরুদ্ধ-গাড়ি ভাঙচুর

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সময় ফিলিং স্টেশনে দায়িত্বরত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তাঁরা পরিস্থিতি সামাল দিতে না পারায় খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পূর্বধলা থানা-পুলিশ সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

মাছুম মোস্তাফার সহকারী আল আমিন তালুকদার জানান, ‘আজ বিকেলে একটি মাদ্রাসা উদ্বোধনের জন্য গিয়েছিলেন সংসদ সদস্য। পথিমধ্যে তেল নিতে আতকাপাড়ার একটি পেট্রলপাম্পে দাঁড়ায় তাঁর গাড়ি। এর মধ্যে মাগরিবের আজান হলে নামাজ পড়তে যান তিনি। ঠিক ওই সময় হামলা হয় তাঁর গাড়িতে।’

আরও পড়ুন:  সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

আল আমিন আরও বলেন, ‘নামাজ আদায়ের সময় আমরা গাড়ি ভাঙার বিকট আওয়াজ পাই। ওই সময় বিএনপির নেতা-কর্মীরা সংসদ সদস্যের ওপর হামলা করতে এগিয়ে এলে মসজিদের দরজা বন্ধ করে দেন মুসল্লিরা। তখন বিএনপির লোকজন আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসন এসে আমাদের উদ্ধার করে।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তাফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট। আবু তাহের পূর্বধলা বিএনপির সভাপতি।

সংসদ সদস্যের ওপর হামলা নিয়ে আবু তাহের তালুকদার বলেন, ‘হামলার বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনাটি কারা করেছে, তা জানা নেই। এটা বলতে পারি, আমার দলীয় কোনো নেতা-কর্মী এই কাজ করেনি।’

আরও পড়ুন:  সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি : অর্থমন্ত্রী

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যকে পুলিশ উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

এই ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তাঁরা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *