আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনে আরো ৩ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয়ের দামই বেড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ২৮ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ বেশি।

একই সময়ে ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৮৫ ডলারে, যা বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

আরও পড়ুন:  চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন হয়, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে যায়। এ কারণেই এটিকে প্রায়ই ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

গত দুই সপ্তাহে ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে প্রণালিতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

বৈশ্বিক জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তেলের বাজার অনেকটাই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন:  জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *