সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাহউদ্দিন যখন এই ঘোষণা দেন তখন সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।’

আরও পড়ুন:  বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা

তিনি বলেন, ‘এমন ফরম সংবিধানের তৃতীয় তপশিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।’

এরপর সালাহউদ্দিন আহমদ দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *