পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে মাওয়া রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী, পরিবহন ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আজ শনিবার বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার বিকেল থেকেই পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন নতুন টিকিট বিক্রি বন্ধ করে দেয়। পরে বিকেল ৫টা থেকে এ রুটে বাস চলাচলও বন্ধ রাখা হয়।

আরও পড়ুন:  রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়ে। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তারা এ রুটে বাস চলাচল অব্যাহত রেখেছিলেন। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা ৭টার দিকে জানান, নিরাপত্তাঝুঁকি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিকল্প রুট চালু থাকবে।

আরও পড়ুন:  জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের

এদিকে বিকল্প পথে চলাচলের কারণে যাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে যাত্রার সময় ও ভাড়া নিয়ে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা। এর আগে গত ১৯ অক্টোবরও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =