আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠ শুরু

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পাঠ শুরু হয়েছে। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার করা মামলায় এই রায় দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় পাঠ করতে সর্বোচ্চ ৯০ মিনিট সময় লাগতে পারে। মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।

মামলার বাদী গাম্বিয়ার অভিযোগ, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করার সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। ওই অভিযানে বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন।

জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছিল।

আরও পড়ুন:  বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা আজ আন্তর্জাতিক বিচার আদালতের এই গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা, এই রায় ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে এবং একসময় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষও ১৫ বিচারপতির এই আদালতের রায় গভীর মনোযোগ দিয়ে দেখবেন। রায়টি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের প্রয়োগ নিয়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে আইসিজের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে এটি। আইন বিশেষজ্ঞরা রায়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। এর মাধ্যমে ১৫ সদস্যের বিচারক প্যানেল আন্তর্জাতিক অপরাধ সংঘটনের জন্য একটি রাষ্ট্রের দায় কীভাবে নির্ধারণ করে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।

বিচারকেরা নির্ধারণ করবেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী বা অন্য কোনো রাষ্ট্রীয় সংস্থার কথিত অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যা সনদের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, সেটিও বিবেচনা করবেন।

আরও পড়ুন:  ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস সাধারণ পরিষদে

আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন। এর অন্যতম কারণ, অভিযোগকারী পক্ষকে প্রমাণ করতে হয় যে, কোনো জাতীয়, নৃগোষ্ঠীগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে অপরাধটি সংঘটিত হয়েছে।

হলোকাস্টের পর থেকে আন্তর্জাতিক আদালত মাত্র কয়েকটি ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় সংঘটিত হত্যাকাণ্ড এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমার রুজের চালানো নৃশংসতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =