তিনি বলেন, প্রয়োজনীয় রেকর্ডপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনগত সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছে। আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গত ৮ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে গৃহীত একটি প্রস্তাবে বেনজীর আহমদ কিভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে সংসদকে অবহিত করার দাবি জানানো হয়েছিল। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য তুলে ধরেন।







