ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকাডুবি, নিহত ২১

আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

শনিবার (৭ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন:  মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

দেশটির সংবাদমাধ্যম লে সোলেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশির ভাগই কেবেমে বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর বিপজ্জনক সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণ হারিয়েছেন হাজারো অভিবাসনপ্রত্যাশী। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের হিসাবে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অভিবাসীবাহী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্বীপ প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =