জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টায়( নিউইয়র্ক সময় বিকেল ৫টায়) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ, মানববন্ধন ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা এতে যোগ দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাশাপাশি ‘আমরা মুজিব’, ‘বঙ্গবন্ধু পরিষদ’সহ বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
৫ আগস্ট-পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
এ সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, মব সন্ত্রাস ও বিচারহীনতার সংস্কৃতির অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মামলা, হামলা, হয়রানি ও নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।
শেখ হাসিনার দেশে ফেরার দাবিতেও বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। পাল্টা কর্মসূচিতে বিএনপি অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল-সমাবেশ করেছেন। জাতিসংঘ অধিবেশনকে ঘিরে দুই দলের পৃথক কর্মসূচিতে নিউইয়র্কে রাজনৈতিক তৎপরতা বেড়েছে।







