অনুমোদন ছাড়া স্মৃতিস্তম্ভ নির্মাণ, সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন এবং শিক্ষকদের মূল্যায়নের জন্য পৃথক ওয়েবসাইট চালুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে কড়া আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি-বিধান, একাডেমিক নীতিমালা এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে স্পষ্টতই অসামঞ্জস্যপূর্ণ ও সাংঘর্ষিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর ২৪(এ) অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সম্পত্তির তদারকি ও নিয়ন্ত্রণের পূর্ণ এখতিয়ার সিন্ডিকেটের ওপর ন্যস্ত এবং অর্ডিন্যান্স অনুযায়ী ছাত্র সংসদকে উপাচার্যের নির্দেশনায় পরিচালিত হতে হয়। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসন ইতোমধ্যেই গত ৫ আগস্ট শহীদ পরিবারের উপস্থিতিতে মল চত্বরে আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অথচ ডাকসু কোনো ধরনের সিন্ডিকেট বা উপাচার্যের অনুমোদন ছাড়াই কলাভবনের পশ্চিম পাশ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে দুটি পৃথক স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, যা প্রচলিত আইন অনুযায়ী তাদের এখতিয়ারবহির্ভূত।
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, বায়ান্নর ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চেতনার পরিপন্থী কোনো ব্যক্তির ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণকারী এমন কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে
অনুমোদনহীনভাবে ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের মূল্যায়নের জন্য ওয়েবসাইট চালুর উদ্যোগকেও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়নের জন্য সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত নিজস্ব ‘টিচিং ইভালুয়েশন’ নীতিমালা বিদ্যমান রয়েছে, যার বাইরে পৃথক কোনো ব্যবস্থার সুযোগ নেই। এছাড়া ডাকসুর খোলা ওই ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্টের শামিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অবস্থাতেই সমান্তরাল বা ‘দ্বৈত প্রশাসন’ কায়েম করার সুযোগ নেই বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও এর যাবতীয় কার্যক্রম বিদ্যমান আইন ও প্রশাসনিক কাঠামোর ভেতরে থেকেই পরিচালিত হতে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না এবং প্রশাসনিক কর্তৃত্ব অমান্য করে সমান্তরাল কাঠামো তৈরির চেষ্টা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







