হজ ফ্লাইটের টিকিট কমে ১ লাখ ৩০ হাজার টাকা

আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে হজযাত্রীদের সার্বিক ব্যয় আরও কমাতে সৌদি সরকারের সঙ্গে কর ও আবাসন ব্যয় হ্রাসের বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে কাজ করছে। সেই লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে হজ ফ্লাইটের টিকিটের মূল্য আরও কমানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন:  মিরসরাইয়ে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের

তিনি জানান, গত বছর টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে হজ ফ্লাইটের টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি বিমানবন্দরে আরোপিত বিমান টিকিটের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এছাড়া বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান।

হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  হজযাত্রীরা ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তাই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতৃবৃন্দ, বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিসহ বিপুলসংখ্যক হজ ও ওমরাহ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =