জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরান। এছাড়া আরও তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে বৃহস্পতিবার (৩০ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুই দম্পতি ও তাদের সন্তান নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে এই হামলা।
আইআরজিসি আরও জানায়, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল-আজরাক বিমানঘাঁটির একটি র্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। ওই শেডে রাখা হয় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান।
আইআরজিসির দাবি, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও তিনটি যুদ্ধবিমান ‘ব্যাপক ক্ষতির’ মুখে পড়েছে। হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছে বলেও জানিয়েছে ইরানের বাহিনীটি।
বিবৃতিতে বলা হয়, ‘হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। আমাদের এই অঞ্চল সেই শিশুহত্যাকারী সেনাবাহিনীর জন্য কোনো জায়গা নয়, যারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে।’
এ অঞ্চল থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানের সাথে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করে আইআরজিসি।







