৯ দিনে ৬ কনসার্ট, রাজধানীতে কে-কোথায় গাইবেন

বিগত কয়েক বছর ধরে দেশে নিয়মিত কনসার্ট হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় নানা কারণে অনিয়মিত হয়ে পড়ে এসব আয়োজন। তবে সব জল্পনা কাটিয়ে শুক্রবার (২৪ জুলাই) থেকে আগামী ১ আগস্ট ঢাকায় হতে যাচ্ছে ছয়টি কনসার্ট। যেখানে দেশ-বিদেশের বড় তারকারা সংগীত পরিবেশন করবেন।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল কাঙ্ক্ষিত গান পরিবেশনা ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’। আতিফ আসলাম ছাড়াও গাইবে দেশের আলোচিত দুই ব্যান্ড-মেঘদল ও লেভেল ফাইভ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে।

রুনা লায়লা: সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান

আরও পড়ুন:  ১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায়। পরে পছন্দের ১০টি গান পরিবেশন করবেন তিনি। গত বছর সাবিনা ইয়াসমীন ও চলতি বছর সৈয়দ আবদুল হাদীকেও সম্মাননা জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগের দুই আয়োজন ছিল আমন্ত্রিত দর্শকদের জন্য, তবে এবার টিকিট কিনে রুনা লায়লার আয়োজনটি উপভোগ করার সুযোগ পাবেন শ্রোতারা। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সাহায্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হবে। টিকিটের মূল্য দুই, তিন ও পাঁচ হাজার টাকা।

মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং

মৌলিক গানের পাশাপাশি কাভার গান করেও তরুণদের মধ্যে আলোচিত সংগীতশিল্পী ভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। দুজন একসঙ্গে মোজি অ্যান্ড কোং পেজ থেকে গানগুলো প্রকাশ করে থাকেন। ৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তারা গাইবেন রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে। টিকিটের মূল্য দুই হাজার টাকা। অনুষ্ঠানটির আয়োজক নূরস ইভেন্ট।

আরও পড়ুন:  চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

‘ওয়ান ট্রু সাউন্ড’
জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে তার ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটির আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এখনো টিকিটের দাম প্রকাশ করেননি আয়োজকেরা।

দুই ট্রিবিউট কনসার্ট
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও নির্মাতা অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। আগামী ৩১ জুলাই রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে বসবে এই আয়োজন।

অনুষ্ঠানে অঞ্জন দত্তের জনপ্রিয় গান পরিবেশন করবেন দেশের তিন সংগীতশিল্পী জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। পাশাপাশি তারা নিজেদের মৌলিক গানও গাইবেন, যা অঞ্জন দত্তের সংগীতভাবনা ও প্রভাবকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হবে।

আরও পড়ুন:  আর্জেন্টিনার ৬৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেসি

আয়োজনটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গানও পরিবেশন করব। আমাদের মৌলিক গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট হিসেবেই গাওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *