সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের সময় মঞ্চে দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনায় আহত হয়েছেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাঁদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:  বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আনোয়ারুল কবির আর নেই

ঘটনার পর বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, এটি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। তবে এ ধরনের হামলায় তাঁরা ভীত নন এবং জুলাই পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে।

ঘটনার কিছুক্ষণ পর নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন থানার ভেতরে প্রবেশ করেন।

সাভার থানা পুলিশ ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *