প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয়ের উদ্যোগ দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়নি, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
অর্থমন্ত্রী বলেন, মানুষের অভাব-অনটন থাকলে দুর্নীতির দিকে ঝোঁকার প্রবণতা তৈরি হয়।
বাজেটে কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন খাতে ঠিক কতসংখ্যক চাকরি সৃষ্টি হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে তথ্যপ্রযুক্তি, শিল্প, কৃষি, স্বাস্থ্য, স্বনিয়োজিত কর্মসংস্থান, দেশ ও বিদেশে শ্রমবাজার সব ক্ষেত্রেই কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা বাজেটে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে চাহিদা সৃষ্টি করতে হবে এবং এর জন্য বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিনিয়োগই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা খাতে বড় বরাদ্দ দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দক্ষতা উন্নয়ন। একজন দক্ষ কর্মী বা শ্রমিকের জন্য দেশে ও বিদেশে চাকরির সুযোগ পাওয়া সহজ হয়। সে কারণেই দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।







