কিম জং উন ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের নৌবাহিনীকে ১০ হাজার টন ওজনের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি গোপন পানির নিচের অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও জোর দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোদং সিনমুন শনিবার (৬ জুন) জানিয়েছে, বৃহস্পতিবার একটি নৌবাহিনীর পরীক্ষায় অংশ নিয়ে কিম এসব নির্দেশ দেন। তিনি সামরিক শক্তি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে কিম একের পর এক সামরিক স্থাপনা পরিদর্শন করছেন। শি জিনপিং আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফরে আসার কথা রয়েছে। এটি হবে প্রায় সাত বছরের মধ্যে তার দ্বিতীয় সফর।

প্রতিবেদনে বলা হয়, কিম ৫ হাজার টনের ডেস্ট্রয়ার কাং কনে  উঠে নৌ পরীক্ষা সরাসরি দেখেন। একই দিনে আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ চো হিয়নের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন:  আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উল্লেখ্য, গত বছর মে মাসে কাং কন জাহাজটি উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে মেরামত করে আবার চালু করা হয়।

নৌ পরিদর্শনকালে কিম বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও দ্রুত বাড়াতে হবে। স্থল, নৌ ও আকাশ—সব ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। সম্ভাব্য পারমাণবিক হামলা মোকাবিলায় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিকে তিনি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিমের সঙ্গে তার মেয়েও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনার কথা এবারই প্রথম প্রকাশ্যে এসেছে। শি জিনপিংয়ের সফরের ঠিক আগে এ ধরনের ঘোষণাকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *