বিদেশযাত্রার অনুমতি পাননি বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৫ সদস্য

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালত সূত্র জানিয়েছে, আহমেদ আকবর সোবহানের সঙ্গে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান। তাদের পক্ষে আবেদনটি করেন আইনজীবী এনামুল হক সর্দার। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা, বোরহান উদ্দিন ও খোরশেদ আলম।

অন্যদিকে, আদালতে আবেদনের বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম। শুনানিতে দেলোয়ার জাহান রুমি বলেছেন, ‘আহমেদ আকবর ও আফরোজার নামে মামলা রয়েছে। তারা জামিন না নিয়ে বিদেশ যেতে পারেন না। অন্য তিনজন আদালতে হাজির না হয়ে তো এই অনুমতি পেতে পারেন না।’ শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন:  কারাগারের ছাদ ফুটো করে পালালেন ফাঁসির চার আসামি

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত।

নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে উল্লেখ করা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরসহ মুদ্রা পাচার প্রতিরোধ আইনের অপরাধের অভিযোগ অনুসন্ধান চলমান। এ জন্য অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। এরই মধ্যে দেশত্যাগের পরিকল্পনা করছেন অভিযুক্তরা। এ জন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *