হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সরকারি হাসপাতালগুলোতে হামের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি নির্দশনায় বলা হয়েছে, শয্যাসংকটের কারণ দেখিয়ে হামের রোগীকে অন্যত্র পাঠানো যাবে না।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যদিও গত ২১ এপ্রিল এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে,  হাসপাতালে আসা হাম বা হাম উপসর্গের রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে জটিল অবস্থা হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রেফার করা যাবে।

রেফার করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করতে হবে।

আরও পড়ুন:  হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে দ্রুত এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *