জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে কোনো কিছু খাওয়া বা পান করার অনুমতি নেই। সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালে শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় সেখানে চা-পান বা ভোজনমূলক কাজ থেকে বিরত থাকাই রেওয়াজ।
তবে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে এই রীতির ব্যতিক্রম ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশন চলাকালে স্পিকার তার চেয়ারে বসে লক্ষ করেন, এক সংসদ সদস্য কিছু একটা খাচ্ছেন। দূর থেকে বিষয়টি দেখে স্পিকার মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করেই সরাসরি জানতে চান, তিনি সেখানে বসে কী খাচ্ছেন। স্পিকারের প্রশ্নের জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি ‘গরম পানি’ পান করছেন।
সংসদ সদস্যের এমন উত্তরে অসন্তোষ প্রকাশ করে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ (খোদা মালুম)।’
অধিবেশন চলাকালীন সংসদ কক্ষের টেলিভিশন ক্যামেরা ওই সংসদ সদস্যের দিকে না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে খাওয়ার বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা বা সুনির্দিষ্ট বিধান নেই। তবে বিধির ৩১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের বৈঠক ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সংসদ কক্ষ ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদীয় বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে কিছু খাওয়া এই বিধির পরিপন্থি বলে গণ্য করা হয়। দীর্ঘদিনের সংসদীয় রেওয়াজ অনুযায়ীও এটি অশোভন।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ভেতরে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের জন্য আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ের সুব্যবস্থা রয়েছে। মূলত সংসদীয় শিষ্টাচার বজায় রাখতেই অধিবেশন চলাকালে মূল কক্ষে খাবার গ্রহণ থেকে বিরত থাকার নিয়ম পালন করা হয়।







