এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন।

আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস ও একজন ব্যক্তিগত চিকিৎসক গেছেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন:  বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন

গতকাল শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। গত শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *