ঢাকায় শিলাবৃষ্টি, আড়াই ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত

ফাল্গুনের বিদায়বেলায় সারা দিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা থেকে প্রায় আড়াই ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টি শুরুর দিকে বেশ তীব্র ছিল। পরে রাত ৯টার দিকে বৃষ্টির তীব্রতা কমে আসে। গরমের পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও ঈদ সামনে রেখে খোলা জায়গায় ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়

বৃষ্টির কারণে অমর একুশে বইমেলার অনেক স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে দর্শনার্থী ও বিক্রেতারা বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, এটি বর্ষার আগের সময় হওয়ায় তাপমাত্রা ও আর্দ্রতা বাড়লে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটে। তিনি বলেন, বর্ষা শুরুর আগে এ ধরনের বৃষ্টি স্বাভাবিক। আগামী ১৫ থেকে ১৬ মার্চের মধ্যে আবারও এমন বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:  বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। বুলেটিনে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যশোর জেলায় রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনী জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *