চিরগৌরর ও আত্মপরিচয়ের অমর একুশে আজ

‘মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা’-এই মায়ের ভাষাকে আমাদের রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলনরত বাঙালির রক্তে রাঙানো দিন আজ; অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনেই মায়ের ভাষার অধিকার রক্ষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রাঙা হয়েছিল। ছাত্র-যুবক ও সাধারণ মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে। রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউলদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আত্মপরিচয়, সংস্কৃতি ও আত্মসম্মানের প্রতীক। গৌরবময় ভাষা আন্দোলনের রক্তেরঞ্জিত এই ইতিহাস যুগে যুগে আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস, চিরগৌরর ও আত্মপরিচয়ের দিন। তাইতো কবির ভাষায় গাইতে হয়- মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের স্মরি। নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি।। সংসারে জ্বেলে গেলে যে নব আলোক জয় হোক, জয় হোক, তারি জয় হোক… তোমাদের স্মরি।।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শৃঙ্খলমুক্ত না হতেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির ভাষা ‘বাংলা’ কেড়ে নিতে চেয়েছিল। ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার বিরোধিতা করেন। বলেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। যারা এ ব্যাপারে বিভ্রান্তির-সৃষ্টি করছেন তারা বিদেশী রাষ্ট্রের অর্থভোগী চর তথা পাকিস্তানের শত্ৰু। জিন্নাহর এই বক্তব্যের প্রতিবাদ করে ছাত্ররা। তারা ‘না’ ‘না’ বলে বিক্ষোভ দেখায়। পরে এই ঘোষণায় বিক্ষুদ্ধ হয়ে ছাত্র-রাজপথে নেমে আসে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শাসকগোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে। এই আন্দোলন পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে করে। ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি পুলিশ। এতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই একুশে ফেব্রুয়ারি পাকিস্তানের শাসকগোষ্ঠীর দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিসত্তা বিনির্মাণের প্রথম সোপান। বাঙালি জাতির কাছে তাই দিনটি যেমন গভীর শোক ও বেদনার, তেমনি মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন।

আরও পড়ুন:  আগামী নির্বাচন যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয় সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

আজ মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদরা সিক্ত হলেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগেই প্রস্তুত করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাত রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর থেকেই ফুল হাতে মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ সারাদিনই চলবে শ্রদ্ধা নিবেদন।

এদিকে, একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা।

আরও পড়ুন:  সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

একুশে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতে রাখা হবে।

ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের সব মসজিদ, মন্দির ও অন্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্রে থাকছে বিশেষ আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *