দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। 

বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর সোমবার (১০ নভেম্বর) রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টীম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরও পড়ুন:  স্বাস্থ্য খাতে তহবিল শূন্য, গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার টাকাও নেই: স্বাস্থ্যমন্ত্রী

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে রাস্তায় ছড়িয়ে থাকা দগ্ধদেহ ও ধ্বংসস্তূপ দেখা গেছে। দিল্লির উপ-প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ও সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণের পরে লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে প্রতিদিনই পর্যটকদের ব্যাপক ভীড় থাকে। এই ঘটনার পর পর্যটক ও সাধারণ মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, একই দিন দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে এসব ঘটনা ঘটতে শুরু করেছে।

আরও পড়ুন:  বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য দেয়নি। ঘটনার তদন্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আধাসামরিক ইউনিট ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি ও স্থানীয় তদন্তকারীরা গাড়ির ধ্বংসাবশেষ এবং আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *