শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা বিচারের জন্য বদলি

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের নামে করা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে পলাতক আসামিদের হাজিরে পত্রিকা বিজ্ঞপ্তি দাখিল করে রাষ্ট্রপক্ষ। এরপর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়ে নথি সিএমএম বরাবর পাঠান  বিচারক।

এর আগে গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক।

আরও পড়ুন:  গায়ক নোবেল গ্রেফতার

প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার বিষয়ে দণ্ডবিধির ১২১/১২১ক/১২৪ক ধারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশগ্রহণ করেন। এসময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *