হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র সমর্থিত খসড়া প্রস্তাবে সহ-স্পন্সর হওয়া দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির জাতিসংঘ মিশন বলেছে, ওয়াশিংটন যদি নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করে, তাহলে প্রস্তাব সমর্থনকারী দেশগুলোকেও এর দায়ভার বহন করতে হবে।
শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র বেআইনি কর্মকাণ্ড ও সামরিক আগ্রাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের ‘মিথ্যা চিত্র’ তৈরি করতে সহযোগী দেশগুলোর নাম ব্যবহার করছে।
বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক আড়াল তাদের দায়মুক্তি দিতে পারবে না।
যুক্তরাষ্ট্র, বাহরাইন ও কয়েকটি উপসাগরীয় দেশের সমর্থনে আনা খসড়া প্রস্তাবে ইরানের হামলা বন্ধ এবং উপসাগরীয় জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।







