দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ও তারল্যসংকট এবং সুশাসনের ঘাটতিসহ নানা কারণে পদ্মা ব্যাংক পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য উপযুক্ত ও কার্যকর রেজল্যুশন কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ প্রক্রিয়ায় আপাতত কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ফলে ব্যাংকটির দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি এ পদক্ষেপ দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।







