ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

অভিনয়জীবনে হাস্যরস আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। সেই প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধামরাই উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা উপস্থিত সবার কাছে সোহেল খানের জন্য দোয়া চান। একই সঙ্গে তার কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।অভিনেতার মৃত্যুর কারণে বন্ধ রাখা হয়েছে ‘নসিব’ সিনেমার শুটিং। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। এরপর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

আরও পড়ুন:  শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে আরও বেশি সুযোগ চাইলেন ড. ইউনূস
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।হাস্যরসাত্মক অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নেওয়া এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =