তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

আরও পড়ুন:  ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টকে নিয়ে বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =