বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল চীন

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন বলেছেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেয়ার অধিকারকে সম্মান করে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্লু পেপার’ (নীলপত্র) উন্মোচনকালে লিউ ইউইন এসব কথা বলেন।

চীনা দূত বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলি এবং বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় পরিস্থিতির উপযোগী উন্নয়নের পথ বেছে নেয়ার অধিকারকে সম্মান করি।’

তিনি জানান, বিনিময়ে বাংলাদেশও ‘এক চীন’ নীতি দৃঢ়ভাবে অনুসরণ করে এবং যেকোনো রূপে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে।

লিউ ইউইন বলেন, ‘একে অপরের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই পারস্পরিক সমর্থন উভয় পক্ষকে প্রকল্প অর্থায়ন, নিরাপত্তা নিশ্চয়তা এবং নীতিগত সমন্বয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণে সক্ষম করেছে। নেতৃত্বের পর্যায়ে কৌশলগত সমন্বয় নিশ্চিত হলেই কেবল রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও একক প্রকল্পগুলো টিকে থাকতে পারে।’

আরও পড়ুন:  পাল্টা জবাবে চীনকেও যুদ্ধের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সভাপতি হান কুন বলেন, বিআরআই বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক, যা কেবল অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ না থেকে জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং শিল্পায়ন পর্যন্ত বিস্তৃত।

অনুষ্ঠানের বক্তারা প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে আরও গভীর সহযোগিতার আহ্বান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ব্লু পেপারের প্রধান গবেষক এবং সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ভবিষ্যতে বিআরআই বিনিয়োগে গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় সক্ষমতা উন্নয়নকে অগ্রাধিকার দেয়া উচিত।

তিনি অগ্রাধিকারের ছয়টি ক্ষেত্র চিহ্নিত করেন। সেগুলো হলো- অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগ (মাল্টিমোডাল কানেক্টিভিটি); স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প; শিক্ষা ও দক্ষতা উন্নয়ন; উন্নত প্রযুক্তি ও এআই; নবায়নযোগ্য জ্বালানি এবং তৈরি পোশাক (আরএমজি) খাত ও শিল্পায়ন।

আরও পড়ুন:  বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

এ ছাড়া তিনি উচ্চগতির রেল নেটওয়ার্ক, বাংলাদেশ-চীন-মিয়ানমার সংযোগ, বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ ও ভয়েস মডেলের যৌথ উন্নয়ন এবং অটোমেশন ও এআইয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে নারী পোশাকশ্রমিকদের পুনরায় প্রশিক্ষণের সুযোগের বিষয়টি তুলে ধরেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার চীনা বিনিয়োগকারীদের কেবল কাঁচামাল সরবরাহের মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ না রেখে স্থানীয়ভাবে বস্ত্র, সুতা, কাপড় এবং রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের পাশাপাশি ব্যাটারি স্টোরেজ সিস্টেম, সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট মিটার এবং বৈদ্যুতিক যানবাহন চার্জিং অবকাঠামোর যৌথ উৎপাদনে চীনা বিনিয়োগের আহ্বান জানান।

আরও পড়ুন:  তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, জ্বালানি এবং পুঁজিবাজারে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তর দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে পারে।

‘ড্রিমিং অ্যালং দ্য সিল্ক রোড, বিল্ডিং আ উইন-উইন ফিউচার’ প্রতিপাদ্যে ঢাকার চীনা দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =