পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক  ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিন সকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:  জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন খলিলুর রহমান

কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার দেবে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলার রায়কে ঘিরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনও সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালতের পিস প্যালেসে প্রকাশ্য অধিবেশন শুরু হবে। সেখানে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। গত ৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিজে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর এ মামলা দায়ের করেছিল। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে এটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত। বিশ্বের ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + nine =