ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার দাবি, ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল ‘বিদ্বেষমূলক মামলা’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, ড. ইউনূসের ওই সরকারের আমলে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়, সেগুলোর কারণেই গত বছর তাকে যুক্তরাজ্য সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই সংসদ সদস্যের খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনকালে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। আর টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগ, শেখ হাসিনার সাবেক সরকারের কাছ থেকে তিনি (টিউলিপ) অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সুবিধা নিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তার অনুপস্থিতিতেই আরও ১৬ জনের সঙ্গে তার বিচার হয়। অভিযোগে বলা হয়, ঢাকার কাছেই পরিবারের জন্য জমির প্লট বরাদ্দ পেতে তিনি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়েছিলেন। লন্ডনে বসবাসকারী টিউলিপ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। বাংলাদেশের বাইরে থাকায় টিউলিপের পক্ষে ওই সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম।

এর আগে ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, খালা শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।

গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট পলিটিকস আনলিশড–এ কথা বলতে গিয়ে টিউলিপ দাবি করেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। তিনি আরও জানান, একজন আইনজীবীর সঙ্গে কথা বলছেন তিনি। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ‘মামলা করার মতো ভিত্তি’ তার রয়েছে।

আরও পড়ুন:  অপকর্মের সব রেকর্ড আছে, বেশি কথা বললে ফাঁস করে দেব

টিউলিপ দাবি করেছেন, ‘মূলত এটি ছিল বিদ্বেষমূলকভাবে করা একটি মামলা।’ তিনি জানান, আইনজীবীদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে ‘বিবেচনা করছেন’।

এ বিষয়ে বক্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ দাবি করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি ‘বারবার চেষ্টা’ করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশের সরকার।

তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। টিউলিপ বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে রাজি হননি। সামনাসামনি কথা বলার জন্য আমি বারবার চেষ্টা করেছি।’

আরও পড়ুন:  টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে

তার দাবি, অভিযোগ ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মানসিক চাপে ভোগেননি, কারণ তিনি জানতেন যে ‘নির্দোষ’। তিনি বলেন, ‘অন্য সবকিছুর চেয়ে পুরো বিষয়টি আমাকে বেশি হতবাক করেছিল।’

তিনি দাবি করেন, ‘কী কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার ‘কোনো ধারণাই’ ছিল না। আমি যে দোষী সাব্যস্ত হয়েছি, তা প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে।’

এই বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবস্থানকালে তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। টিউলিপ বলেন, ‘সময়টা এমন ছিল, যখন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।’

আরও পড়ুন:  টানা চতুর্থবারের মতো শপথ নিলেন টিউলিপ সিদ্দিক

তবে টিউলিপকে নিয়ে স্টারমারকে বারবার প্রশ্ন করা হলে একপর্যায়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক উদ্যোগের অংশ ছিলাম আমি। শুরু থেকেই তাকে সমর্থন দিয়েছি… অথচ শেষ পর্যন্ত আমিই তার পথে বাধা হয়ে দাঁড়ালাম।’

স্টারমারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত টিউলিপ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা তার জন্য ‘খুবই বেদনাদায়ক’ ছিল। তবে স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =