সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এসআরবি সূত্র জানায়, বারিধারা থেকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাঈদ খোকনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকিসহ একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। গত বছরের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুদক। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানের একটি ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেন আদালত।
এ ছাড়া সাঈদ খোকন ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে; যার মধ্যে সাঈদ খোকনের এককভাবে কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =