মহাকাশ থেকে ফেরা রকেট শূন্যেই লুফে নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।

গত শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজ উৎক্ষপণকেন্দ্রে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের খরচ অনেক কমানো সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করা যাবে। ফলে নতুন যান তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করেই ঘন ঘন মহাকাশ অভিযান চালানো সম্ভব হবে।

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশযানকে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়। এ সময় প্রচণ্ড গতির কারণে যানটির বাইরের অংশ অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপ থেকে ভেতরের যন্ত্রপাতি ও নভোচারীদের রক্ষা করতে বিশেষ তাপরোধী আবরণ ব্যবহার করা হয়।

আরও পড়ুন:  বন্ধু ট্রাম্পের ডিনারে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি

বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের বাধায় মহাকাশযানের গতি কমতে থাকে।

এরপর যানটির ধরন অনুযায়ী অবতরণের ব্যবস্থা করা হয়। অনেক মহাকাশযানে প্যারাসুট খুলে দেওয়া হয়। সেগুলোর সাহায্যে ধীরে ধীরে সমুদ্র বা স্থলভাগে নেমে আসে যানটি। আবার যুক্তরাষ্ট্রের সাবেক স্পেস শাটলের মতো কিছু মহাকাশযান উড়োজাহাজের মতো ডানা মেলে রানওয়েতে অবতরণ করে।

সমুদ্রে নামলে উদ্ধারকারী দল গিয়ে মহাকাশযান ও নভোচারীদের উদ্ধার করে।

স্থলভাগে নামলেও নিরাপত্তা পরীক্ষা শেষে নভোচারীদের বের করে আনা হয়। এরপর মহাকাশযানটির বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করা হয়। পুনরায় ব্যবহারের উপযোগী হলে প্রয়োজনীয় মেরামত ও সংস্কার শেষে সেটি আবার অভিযানে পাঠানো যায়। তবে স্টারশিপের ক্ষেত্রে স্পেসএক্স উন্নত প্রযুক্তির সাহায্যে আরো একধাপ এগিয়ে গেছে। তারা মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার পর উৎক্ষপণ টাওয়ারে লাগানো দুটি বিশাল যান্ত্রিক বাহু দিয়ে এটিকে ধরে ফেলেছে।

আরও পড়ুন:  মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে

স্পেসএক্সের এই সাফল্য একদিকে যেমন মহাকাশযানের অবতরণকে সহজ ও নিরাপদ করবে, অন্যদিকে যানটিকে দ্রুত পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত করাও সহজ হবে।

শনিবার স্পেসএক্সের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ মহাকাশে ১৫তম সফল উড্ডয়ন শেষে সফলভাবে পৃথিবীতে ফেরে। উৎক্ষপণের পর মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। ২২ ঘণ্টার এ যাত্রায় ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের জন্য ২৬টি স্যাটেলাইটও কক্ষপথে স্থাপন করে এটি। পৃথিবীতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রচণ্ড চাপ সহ্য করে নিচে নামতে থাকে স্টারশিপ। এরপর টেক্সাসের স্টারবেজে ২ নম্বর উৎক্ষপণ মঞ্চের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে মঞ্চের ওপর থাকা বিশাল দুটি যান্ত্রিক বাহু নিখুঁতভাবে মহাকাশযানটিকে ধরে ফেলে। স্পেসএক্স বাহু দুটির নাম দিয়েছে ‘চপস্টিক আর্মস’। উৎক্ষপণকেন্দ্রের কাছেই মেক্সিকো উপসাগরের সৈকতে এ দৃশ্য দেখতে জড়ো হয়েছিল বহু মানুষ। স্পেসএক্স এ ঘটনা সরাসরি সম্প্রচার করে। সূত্র : এপি

আরও পড়ুন:  পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =