রাজশাহী বিমানবন্দরে ২ গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের মূল ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেয়। এরপর পবা উপজেলার পাকুড়িয়া এলাকর একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড নিষ্ক্রিয় করেন। পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাম পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা এএসআই পলাশকে জানান।

পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

আরও পড়ুন:  রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর পরও বস্তু দুটি কখন কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

বিষয়টি গুরুত্ব দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়।’তিনি আরো বলেন, ‘পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন:  স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =