ফের বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সা হয়েছে। এর আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

আজ বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন এ দাম ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:  ১৯৪৮ সালেই দেশ স্বাধীনের সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু : শেখ হাসিনা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।

এর আগে আগস্টে জেট ফুয়েলের দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়।

আরও পড়ুন:  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের ৫০ প্রার্থী

তার আগে জুন মাসের জন্য জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ের মাধ্যমে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। এর আগে ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + fourteen =