বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফরে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মেটার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় থাকলে ব্যবহারকারীদের সেবা আরও কার্যকর হবে। পাশাপাশি বিভিন্ন অভিযোগ ও জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহি বাড়ানো সম্ভব হবে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। ফলে দেশে মেটার সরাসরি উপস্থিতি ডিজিটাল নিরাপত্তা ও গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরে মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া ও গুগলসহ ১৫টির বেশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশি প্রতিনিধিদল। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর বিষয় গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া বাংলাদেশকে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিংয়ের সম্ভাবনাময় হাব হিসেবে গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর বাতিল নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। বাস্তবভিত্তিক কাজ এগিয়ে নিতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =